হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

প্রাইম বার্তা অনলাইন
০৩ অক্টোবর ২০২৬ ৮:৪৫ পিএম
হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার সময় শেখ হাসিনাকে ভারতে নেওয়ার কাজে তার দেশের সেনাবাহিনী বা বিমানবাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না। একই সঙ্গে তিনি জানান, সাবেক এই প্রধানমন্ত্রীকে বাংলাদেশে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া এখন চলমান রয়েছে। তবে ঠিক কবে তাকে ফেরত পাঠানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সের একটি অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, বারবার ভারত সরকার জানিয়ে আসছে যে প্রত্যর্পণের একটি প্রক্রিয়া রয়েছে এবং তা সম্পূর্ণ আইনি পথেই এগোচ্ছে। যতটুকু জানি, তাকে প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান।

শেখ হাসিনা কী পরিস্থিতিতে ভারতে গিয়েছিলেন, সে প্রসঙ্গে ত্রিবেদী জানান, এমন পরিস্থিতির জন্য ভারত সরকার কোনোভাবেই প্রস্তুত ছিল না। তিনি বলেন, হাসিনা ভারতে যাওয়ার সময়ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আর প্রতিবেশী দেশ হিসেবে তার অনুরোধে সাড়া দেওয়াই ছিল ভারতের দায়িত্ব। আমি টিভিতে দেখছিলাম, বলা হচ্ছিল হাসিনা নিজের দেশ ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন।

হাইকমিশনার আরও জানান, হাসিনাকে দেশে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে অন্য কোনো বিকল্প ছিল না। তার ভাষায়, আমরা যদি তাকে ভারতে আসার সুযোগ না দিতাম, তখন কী হতো তা কেউ বলতে পারবে না। বিশ্বের আর কোনো প্রান্তে এমন পরিস্থিতি যেন যথেষ্ট না হয়, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...