৫০ হাজার টাকার চুক্তিতে ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, পলাতক অবস্থায় আটক যুবক
রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রেজাউল ইসলাম (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১২টা ২৬ মিনিটের দিকে ধানমন্ডি ১১/এ নম্বর সড়কে একটি বাসার সামনে পাকা রাস্তার ওপর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আনুমানিক ১০-১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রেজাউলকে আইসিটি তদন্ত সংস্থার সামনে ককটেল ফাটানোর প্রস্তাব দেন। এর বিনিময়ে ৫০ হাজার টাকা দেওয়ার চুক্তি হয় তাদের মধ্যে। সেই পরিকল্পনা মোতাবেক গত ২৮ সেপ্টেম্বর যুবক ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বুধবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। ধানমন্ডি থানার বরাত দিয়ে তিনি জানান, বিস্ফোরণের পরপরই গলির ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রেজাউল পুলিশের হাতে ধরা পড়ে।
এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে ধানমন্ডি মডেল থানার পুলিশ। আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

