প্রধানমন্ত্রীর বিশেষ উপহার: দুর্গাপূজায় বাড়তি অনুদান ও পাঁচ দিনের ছুটি
শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের জন্য চাহিদার অতিরিক্ত বরাদ্দ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পূজা আয়োজনে চার কোটি টাকা অনুদান চাইলেও তাঁর বিশেষ বিবেচনায় তাদের দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকা। পাশাপাশি পূজার সময় টানা পাঁচ দিনের সরকারি ছুটি নিশ্চিত করা হচ্ছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যাচাইকৃত ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়। প্রতি বছর দুর্গোৎসবকে সামনে রেখে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে রাষ্ট্রীয় তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়। এবার সেই বরাদ্দ আবেদনের পরিমাণের চেয়ে এক কোটি টাকা বেশি নির্ধারণ করা হয়েছে।
শুধু হিন্দু সম্প্রদায় নয়, বৌদ্ধদের জন্যও বাড়ানো হয়েছে অনুদান। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য দুই কোটি টাকা চেয়েছিল; প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় তারা পেয়েছে তিন কোটি টাকা। উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর পালিত হয়েছে বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব মধু পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমা।
অনুদানের বাইরে ছুটি নিয়েও স্বস্তির খবর মিলছে। সরকারি ছুটির তালিকায় ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে সাধারণ ছুটি থাকলেও ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস-আদালত খোলা থাকার কথা ছিল। তবে মঙ্গলবার প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ওই দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এর সঙ্গে ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা একটানা পাঁচ দিন ছুটি উপভোগ করতে পারবেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে বাড়তি রাষ্ট্রীয় সহায়তা ও দীর্ঘ ছুটির এই সমন্বিত সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছে অনেকে। ভবিষ্যতেও সব ধর্মের অনুষ্ঠানে এমন সহায়তা অব্যাহত থাকার প্রত্যাশা রয়েছে।

