বগুড়ায় বাংলাদেশ-মার্কিন সেনাদের আর্মার-ক্যাভালরি অভিজ্ঞতা বিনিময় সম্পন্ন

প্রাইম বার্তা অনলাইন
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৭ এএম
বগুড়ায় বাংলাদেশ-মার্কিন সেনাদের আর্মার-ক্যাভালরি অভিজ্ঞতা বিনিময় সম্পন্ন

আর্মার ও ক্যাভালরি প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন ন্যাশনাল গার্ডের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের চার দিনের অভিজ্ঞতা বিনিময় কর্মসূচির সমাপ্তি ঘটেছে। ‘আর্মার-ক্যাভালরি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ’ নামে আয়োজিত এই কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণি গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে দেওয়া হয়।

১৩ সেপ্টেম্বর শুরু হওয়া কর্মসূচিতে ওরেগন ন্যাশনাল গার্ডের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ছাড়াও যুক্ত ছিলেন আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের ২৫ জন এবং সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশনের নয়জন বাংলাদেশি সেনাসদস্য। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র তুলে দেন আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হাসনাত আহমেদ।

পুরো কর্মসূচি জুড়ে বিভিন্ন যুদ্ধাভিযানে আর্মার-ক্যাভালরির যুদ্ধকৌশল প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। ওরেগন ন্যাশনাল গার্ডের সদস্যরা বাস্তব অভিযানে তাত্ত্বিক যুদ্ধকৌশল কাজে লাগানোর নিজস্ব প্রয়োগিক অভিজ্ঞতা তুলে ধরেন। এতে দুই দেশের সেনাসদস্যদের মধ্যে এই বিষয়ে জ্ঞান, অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ পদ্ধতি বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিনিধি দল, কর্মসূচিতে অংশ নেওয়া সদস্যরা এবং আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল ও ১১ পদাতিক ডিভিশনের বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য। প্রত্যাশা করা হচ্ছে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও জোরদার করতে সহায়তা করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...