নতুন আইনে এসআরবির আনুষ্ঠানিক যাত্রা, বদলাচ্ছে লোগো ও পোশাক
বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত বাহিনী হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট ১৫ সেপ্টেম্বর প্রকাশের মধ্য দিয়ে ইউনিটটির যাত্রা শুরু হলো। এদিকে, নতুন আইনের আলোকে বাহিনীটির লোগো, পতাকা ও পোশাক বদলের কাজ এগিয়ে চলছে। সরকারের অনুমোদন পাওয়ার পর এসব পরিবর্তন দ্রুতই কার্যকর করা হবে বলে জানা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় এসআরবির মহাপরিচালক আহসান হাবিব পলাশ সদর দপ্তরে উপস্থিত সদস্যদের পাশাপাশি দেশের সব ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় তিনি বাহিনীর আনুষ্ঠানিক শুভযাত্রার ঘোষণাও দেন।
নবপ্রণীত আইনের প্রেক্ষিতে এসআরবির সব আভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন মহাপরিচালক। সদস্যদের ন্যায়-নিষ্ঠা, সততা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্ব দেন।
অন্যদিকে বাদ আসর এসআরবি সদর দপ্তরে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে নবগঠিত বাহিনীর সার্বিক কল্যাণ এবং দেশের সেবায় নিয়োজিত এই ইউনিটের ধারাবাহিক সাফল্য কামনা করা হয়।

