লোহাগাড়ায় আইসক্রিম কারখানা বন্ধ, মালিককে ১৫ হাজার টাকা জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১:৩৬ এএম
লোহাগাড়ায় আইসক্রিম কারখানা বন্ধ, মালিককে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও তা বিক্রির দায়ে ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আধুনগর বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় কারখানার মালিক মো. আব্দুল মান্নানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ সময় লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুব সারোয়ারসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও বায়েজীদ বিন আখন্দ জানান, মানুষের স্বাস্থ্যের সঙ্গে জড়িত পণ্য যেভাবে খুশি তৈরি করা বা ভেজাল জিনিস বিক্রির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষা ও ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।

উপজেলা প্রশাসন জানায়, খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে জরিমানা ও বন্ধের পাশাপাশি লোহাগাড়ার বিভিন্ন প্রতিষ্ঠানে তল্লাশি অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে। ভোক্তাদের প্রতি স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্য এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...