নিয়োগের একদিনের মাথায়ই বাতিল হলো নতুন কারা মহাপরিদর্শকের প্রজ্ঞাপন
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামালকে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক এবং কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ দেওয়ার একই দিনে তা প্রত্যাহার করা হয়েছে।
জানা যায়, দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে এই দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই নিয়োগের প্রেক্ষিতে তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়। এ সময় মোস্তফা কামাল কর্নেল পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পান।
নিয়োগের দিনেই প্রজ্ঞাপন বাতিলের কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মূল প্রজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়েছে। মন্ত্রণালয়ের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, নিয়োগ বাতিলের ঘোষণা দিয়ে আলাদা একটি প্রজ্ঞাপন জারি করা হলেও তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমান বলেন, ‘আমি একটু হাসপাতালে আসছি। আপনি ওয়েবসাইট দেখে এ বিষয়ে জেনে নেন।’ এরপরই তিনি ফোন কেটে দেন। উল্লেখ্য, গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল।

