বাবা গুম, মা হারানো রিফাদের এসএসসির বই পাঠালেন প্রধানমন্ত্রী
গুমের শিকার মফিজুল ইসলাম রাশেদের ছেলে, এসএসসি পরীক্ষার্থী রামীমুল ইসলাম রিফাদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই ও টেস্ট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বইগুলো তার বড় ভাই রিমনের কাছে হস্তান্তর করেন।
জানা গেছে, ঢাকার দারুসসালাম থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম রাশেদ ২০১৩ সালের ৪ এপ্রিল গুম হন। সেদিন থেকে বাবার প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দিন কাটছিল ছোট্ট রিফাদের। তবে ভাগ্য তার ওপর আরও নির্মম হয়—স্বামীর হদিসের বিচার চেয়ে মোহাম্মদপুরে ছুটোছুটির মাঝে ২০২১ সালের নভেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মা রুমা বেগম। মায়ের মৃত্যুর পর সাভারের হেমায়েতপুরে পরিবারের শেষ ভিটামাটিও চলে যায় চাচার দখলে। অসহায় রিফাদ এখন চাঁদপুরে খালার কাছে থেকে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে।
এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য বই ও টেস্ট পেপারের প্রয়োজন বিষয়টি রিফাদের ভাই রিমন জানালে বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।
বই হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউট ছাত্রদলের সভাপতি আব্দুল জলিল, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, শেকৃবি ছাত্রদলের নেতা শোআইব ইসলাম ও ইয়াসির আরাফাত মিরাজ। গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষায় ‘আমরা বিএনপি পরিবার’ সাধ্যমতো কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

