পাঁচ থেকে সাত দিনেই ঘুচবে গ্যাস সংকট: প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে গ্যাস সরবরাহের পরিস্থিতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেছেন, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে সংকট আরও কমে এসে স্বাভাবিকতায় ফিরবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর সভাপতিত্বে দলের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
কেন এই সংকট, তার ব্যাখ্যা দিয়ে তারেক রহমান জানান, আমদানি করা গ্যাস বহন করছে এমন দুটি জাহাজ সাগরে অবস্থান করছে, যেগুলোর মালিকানা বিদেশি কোম্পানির। এর একটিতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়, যার সঠিক কারণ এখনো জানা যায়নি। এতে অন্য জাহাজটির ওপর চাপ বেড়ে পাইপলাইনে সরবরাহে বিঘ্ন ঘটে। গত সপ্তাহ থেকে আবার গ্যাস আনা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। হয়তো আরও ৫-৭ দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে ইনশা আল্লাহ।’
তেলের মতো গ্যাস খাতেও একটি অসাধু চক্র সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেন সরকারপ্রধান। তাঁর ভাষায়, মেশিন বসিয়ে পাইপলাইন থেকে যারা অবৈধভাবে গ্যাস নিয়ে যাচ্ছে, তারা নিজে লাভবান হলেও অন্য দশজনকে কষ্টে ফেলছেন। এই প্রবণতা রোধ করা জরুরি বলে মনে করেন তিনি।
অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও তেল নেওয়া বন্ধে সবার সহযোগিতা কামনা করে তারেক রহমান বলেন, ‘সরকার একা এটা পারবে না। কেউ অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও তেল নিয়ে গেলে সবাইকে প্রতিরোধ করতে হবে।’ জ্বালানি খাতে অপব্যবহার ঠেকাতে গণসচেতনতা অপরিহার্য মনে করছেন প্রধানমন্ত্রী।

