অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির বিশেষ অভিযানে একদিনেই গ্রেফতার ৯১

প্রাইম বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৫ এএম
অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির বিশেষ অভিযানে একদিনেই গ্রেফতার ৯১

রাজধানী ঢাকায় অপরাধ দমনে বড় পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। বিভিন্ন থানার অপরাধপ্রবণ স্পটগুলোতে পৃথক অভিযান চালিয়ে অপরাধে সম্পৃক্ত থাকার দায়ে ৯১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের অধীন এলাকাগুলোতে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা থেকে সর্বোচ্চ ৩৬ জন, আদাবর থানা থেকে ২৩ জন এবং তেজগাঁও থানা থেকে ১৭ জন রয়েছেন। এ ছাড়া হাতিরঝিল থানা এলাকা থেকে ৬ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৫ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের নাম ও পরিচয় প্রকাশ করেছে ডিএমপি। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- মো. মইনুদ্দিন ওরফে মইন (৩৫), মো. মোস্তফা (৪০), শ্যামল সরকার (৫৫), মো. আজিম শেখ (৫০), মো. রফিকুল ইসলাম (৫০), মমতাজ উদ্দিন বুলেট জনি (২৫) ও রাব্বি ইসলাম নাহিদ (১৯)। বয়সের বিচারে আটককৃতদের অনেকেই ১৮ থেকে ২৫ বছরের তরুণ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলছে। রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণে অপরাধপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...