শাহজালালে ৫ যাত্রীর ব্যাগে ২৪ লিটার মদ, চক্র খুঁজছে এনবিআর

প্রাইম বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:০০ পিএম
শাহজালালে ৫ যাত্রীর ব্যাগে ২৪ লিটার মদ, চক্র খুঁজছে এনবিআর

মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে আসা পাঁচ যাত্রীর লাগেজ থেকে ২৪ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ৫৬ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর এ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য চার লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনার খবর শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহ শেষে যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহভাজনদের ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে কাশেম নামের যাত্রীর ব্যাগে ৬ লিটার, এমডি মামুনের ব্যাগে ১২ লিটার, তপনের ব্যাগে ৩ লিটার, ফয়সাল মিয়ার ব্যাগে ২ লিটার এবং সামসুল আলম পলাশের ব্যাগে ১ লিটার লিকার পাওয়া যায়। এভাবে একই ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগেজ থেকে মোট ২৪ লিটার মদ কাস্টমস বিধি মেনে জব্দ করা হয়।

এর আগে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) একই বিমান সংস্থার ফ্লাইটে আসা সাত যাত্রীর ব্যাগেজ থেকে ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করেছিল কাস্টমস গোয়েন্দারা।

একই রুট ও একই ফ্লাইটে ধারাবাহিকভাবে মদ আটক হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে এনবিআর। এর নেপথ্যে কোনো সংঘবদ্ধ চক্র কাজ করছে কি না এবং যাত্রীদের বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না—তা উদ্‌ঘাটনে একটি বিশেষ তদন্ত দল অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। অনুসন্ধানে প্রকৃত হোতারা শনাক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...