জমির দখলের ক্ষোভে কদমতলীর দোকানে ব্যবসায়ীকে গুলি, গ্রেফতার ৫

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ৪:৩৭ পিএম
জমির দখলের ক্ষোভে কদমতলীর দোকানে ব্যবসায়ীকে গুলি, গ্রেফতার ৫

রাজধানীর কদমতলীতে নিজের ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ী আসলাম খানকে গুলি করার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, জমির দখল হাতছাড়া হওয়ার ক্ষোভ থেকেই এই হত্যার পরিকল্পনা আঁটা হয়েছিল। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মনজুরুল ইসলাম, ইকবাল কালু, আকলিমা আক্তার রুনিয়া ও সোনিয়া ইয়াসমিন।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে কদমতলী থানার জিয়া সরণি অবস্থিত মেসার্স লাকি ক্রোকারিজে ঢুকে দোকানের মালিক মোহাম্মদ আসলাম খানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। ওই হামলায় তার মুখের ডান পাশ ও বাম হাতের কনুইতে গুলি লাগে। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মনজুরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি রিভলভার, নয় রাউন্ড তাজা গুলি, একটি পিস্তল ও পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি মোটরসাইকেলও জব্দ হয়। মনজুরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ইকবাল ও কালুকে ধরা হয়। পরবর্তীতে দক্ষিণখানে অভিযান চালিয়ে আকলিমা আক্তার রুনিয়া ও সোনিয়া ইয়াসমিনকে গ্রেফতার করা হয়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের বরাত দিয়ে ডিসি মল্লিক আহসান জানান, হামলার সময় ঘটনাস্থলে ছয়জন উপস্থিত ছিলেন। এর মধ্যে চারজনকে আটক করা গেছে; বাকি দুজনকে খুঁজে বের করতে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতার সোনিয়া ইয়াসমিন ও রুনিয়া স্বীকার করেছেন যে তারা ভ্যানিটি ব্যাগে করে অস্ত্র ঘটনাস্থলে পৌঁছে দিয়েছিলেন। হামলার আগে তারা সহযোগীদের সঙ্গে বৈঠকেও মিলিত হন। উত্তরখান থেকে অস্ত্র এনে নির্দিষ্ট একটি স্থানে পুরো চক্র একত্রিত হয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী দোকানের সামনে হাজির হয়। জমির দখল হারানোর ক্ষোভই এই হামলার মূল কারণ বলে জানিয়ে পুলিশ জানায়, পলাতক সন্দেহভাজনদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কাজ এগিয়ে চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...