হাসিনাকে ধরে আনতেই দৃঢ় সরকার, আপিলের পথও বন্ধ: জাহেদ উর রহমান
ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান একেবারে স্পষ্ট ও দৃঢ় বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তার ভাষায়, সাবেক প্রধানমন্ত্রী নিজে ফিরুন কিংবা সরকার তাকে ফিরিয়ে আনুক—কোনো পথেই কোনো লুকানো কৌশল কাজ করছে না।
কেউ কেউ যেভাবে অনুমান করছেন যে সরকার সম্ভবত হাসিনাকে ফেরানো চান না, সেই ব্যাখ্যাকে ভুল বলে উড়িয়ে দেন উপদেষ্টা। তিনি বলেন, ভারতের ওপর চাপ তৈরির উদ্দেশ্যেই কেবল প্রত্যাপনের দাবি তোলা হচ্ছে—এমন কোনো পরিকল্পনা সরকারের নেই। বিষয়টি ভারত সরকারের কাছে একটি শর্ত হিসেবে তুলে ধরা হয়েছিল এবং এটি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানানো হয়েছিল।
পলাতক আসামির প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আমরা প্রায়ই বলছি, আপনি (শেখ হাসিনা) নিজে আসবেন না, আমরা আপনাকে ধরে নিয়ে আসতে চাই। আপনি একজন আসামি, পলাতক আসামি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
আপিলের সুযোগ নিয়েও স্পষ্ট হন উপদেষ্টা। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার এখন আর আপিল করার কোনো পথ খোলা নেই। ফলে দেশে ফিরে বিচার পুনর্বিবেচনার সুযোগও তিনি পাবেন না। টেকনিক্যালি বিষয়টি এখন এমন দাঁড়িয়ে যে তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে—আর সরকার তাকে ধরে আনতেই চায়, বলেন জাহেদ উর রহমান।

