ওয়াটার এটিএম পৌঁছাচ্ছে নারায়ণগঞ্জে, প্রতিটি বুথে গাছ লাগানোর ঘোষণা

প্রাইম বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৬ ৯:০৭ এএম
ওয়াটার এটিএম পৌঁছাচ্ছে নারায়ণগঞ্জে, প্রতিটি বুথে গাছ লাগানোর ঘোষণা

রাজধানীতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ পানি সরবরাহে দৃষ্টান্ত তৈরি করা ওয়াটার এটিএম সেবা শিগগিরই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে পৌঁছাচ্ছে। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও ক্লিন অ্যান্ড গ্রিন সিটি রূপকল্পের অংশ হিসেবে দেশের প্রতিটি ওয়াটার এটিএম বুথ প্রাঙ্গণে বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ড্রিংকওয়েল। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি ঢাকা ওয়াসা ও ড্রিংকওয়েলের যৌথ এটিএম বুথ পরিদর্শন করেন।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় নগর ফোরাম ২০২৬-এর সমাপনী দিনে এই পরিদর্শন কার্যক্রম হয়। বুথে প্রিপেইড কার্ড ব্যবহার করে মন্ত্রী নিজ হাতে পরিশোধিত পানি সংগ্রহ করেন। বুথের চলমান কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি বলেন, নাগরিকদের এমন গুরুত্বপূর্ণ সেবা নিরবচ্ছিন্নভাবে দিতে হলে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও টেকসই পরিচালনার বিকল্প নেই।

ঢাকা ওয়াসা ও ড্রিংকওয়েলের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বর্তমানে রাজধানীজুড়ে প্রায় ৩০০টি ওয়াটার এটিএম বুথ সচল রয়েছে। প্রতিটি বুথ থেকে দিনরাত ২৪ ঘণ্টা লিটারপ্রতি মাত্র ১ টাকায় পরিশোধিত পানি পাওয়া যাচ্ছে, যা বোতলজাত পানির বাজারদরের প্রায় এক-পঁচিশমাংশ। প্রশিক্ষিত স্থানীয় অপারেটরদের পাশাপাশি ঢাকা ওয়াসা ভবনে অবস্থিত ড্রিংকওয়েলের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিজিটাল পদ্ধতিতে সব বুথ নজরে রাখা হয়। এই উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত ২০০ কোটি লিটারের বেশি নিরাপদ পানি বিতরণ করা হয়েছে।

মন্ত্রীর দিকনির্দেশনার জবাবে ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিনহাজ চৌধুরী বলেন, একটি ওয়াটার এটিএম বুথের সাফল্য অনেকটাই নির্ভর করে সঠিক দেখভালের ওপর। ঢাকায় এক দশকের অভিজ্ঞতায় বুঝেছি, অবকাঠামো নির্মাণের চেয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণই মূল চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর ঘোষিত পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার লক্ষ্য এগিয়ে নিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেসিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে নারায়ণগঞ্জে সেবার পরিধি বাড়ানো হচ্ছে।

তিনি আরও জানান, শহরের প্রতিটি বুথ এলাকাকে নিরাপদ পানি ও ছায়ার আখড়ায় পরিণত করতে দেশের সবকটি এটিএম বুথ প্রাঙ্গণে একটি করে গাছ লাগানো হবে। সেই গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পানির গুণগত মান বজায় রাখার সঙ্গে সঙ্গে স্থানীয় অপারেটরদের ওপরই থাকবে।

উল্লেখ্য, জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি বাংলাদেশ এবং যুক্তরাজ্য সরকারের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী এই নগর ফোরাম অনুষ্ঠিত হয়। জাতীয় নগর নীতি ২০২৫ বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন প্রায় ১৫০ জন নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী ও বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...