পল্টন থেকে দৈনিক বাংলা মোড়: সড়ক বিভাজকে সবুজায়ন শুরু দক্ষিণ সিটির
রাজধানীর সড়কগুলোর মাঝে অবহেলায় পড়ে থাকা বিভাজকগুলোতে সবুজের প্রাণ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের নিচের সড়ক বিভাজনে গাছ লাগানোর কাজ হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয় মেট্রো স্টেশনের নিচে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিটির সূচনা করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহরে রূপ দিতে শুধু সিটি করপোরেশনের প্রচেষ্টাই যথেষ্ট নয়। এতে সামাজিক প্রতিষ্ঠান, এনজিও এবং সাধারণ নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত অংশগ্রহণ ছাড়া ঢাকার সার্বিক পরিবেশ রক্ষা করা সম্ভব নয় বলেও তিনি মনে করেন।
জাতীয় পর্যায়ে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনার অংশ হিসেবে ডিএসসিসির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩ লাখ গাছ; তবে সংখ্যাটি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান প্রশাসক। করপোরেশন এলাকার যেসব স্থানে সম্ভব, সেখানেই চলছে গাছ লাগানোর কার্যক্রম। এই পর্যন্ত প্রায় ৬৭ হাজার গাছ রোপণ সম্পন্ন হয়েছে। সাজেদা ফাউন্ডেশনের নানামুখী সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, পরিবেশ উন্নয়নের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও টিকাদান কর্মসূচিতেও প্রতিষ্ঠানটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে কাজ করছে। আরও সংগঠন এভাবে এগিয়ে এলে নাগরিক সেবা আরও গতিশীল হবে।
নাগরিক সচেতনতার বিষয়টিতে গুরুত্ব দিয়ে মো. আবদুস সালাম শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান, রাস্তা বা রোড ডিভাইডারে ময়লা ফেলা বন্ধ করলে তা করপোরেশনের কাজে বড় সহায়তা হবে। নাগরিকরা নিজ নিজ উদ্যোগে আশপাশের রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখলে শহরের পরিবেশ মানসম্মত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

