নিউমোনিয়ার চিকিৎসা চলছে, আরও কিছুদিন হাসপাতালে মন্ত্রী টুকু

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ৫:১৯ পিএম
নিউমোনিয়ার চিকিৎসা চলছে, আরও কিছুদিন হাসপাতালে মন্ত্রী টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।

জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যা নিয়ে ওই হাসপাতালের জরুরি বিভাগে আসেন মন্ত্রী। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া দেখা যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

রক্তের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট ও বুকের এক্স-রে বিশ্লেষণ করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টায় বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের পরামর্শ মেনেই চলছে মন্ত্রীর চিকিৎসা কার্যক্রম এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা।

তার রোগ-ইতিহাসে রয়েছে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। এছাড়া কিছুদিন আগে ব্যাংককে তার হৃদযন্ত্রের রক্তনালীতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। চিকিৎসকরা বলছেন, নিবিড় পর্যবেক্ষণে অবস্থার উন্নতি হলেই মন্ত্রীকে ছাড়পত্র দেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...