শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরিয়ে এনেই রায় কার্যকর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার করা হবে এবং এরপরই আদালতের রায় কার্যকর করা হবে। বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, বিদেশে পলাতক ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী, এমপি ও কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার ওয়ারেন্ট জারি করা হয়েছে, যার ধারাবাহিকতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে তিনি বলেন, প্রশাসনিক আদেশে নয়, বরং আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) অ্যাক্ট এবং সন্ত্রাসবিরোধী আইনে আনা সংশোধনের ফলে ব্যক্তি ও দল হিসেবে উভয় পর্যায়েই তাদের বিচার সম্ভব হবে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠনের বিচারের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, বিশাল হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ ও তাদের নেত্রীর মনে কোনো অনুশোচনা নেই। তারা জুলাইয়ের বীর যোদ্ধাদের জঙ্গিবাদী বলে অভিহিত করে পুনরায় রাজনীতিতে ফেরার স্বপ্ন দেখছে। তিনি আওয়ামী লীগের ইতিহাসের নেতিবাচক দিকগুলো তুলে ধরে বলেন, রক্ষীবাহিনী দিয়ে ৩০ হাজার মুক্তিযোদ্ধা হত্যা, ধর্ষণ, একদলীয় বাকশাল প্রতিষ্ঠা এবং ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করাই তাদের কর্মকাণ্ডের মূল চরিত্র।

