টানা বৃষ্টিতে বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ৫৭, আহত ৪০
টানা অতিবৃষ্টির প্রভাবে দেশের সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। এই দুর্যোগে আহত হয়েছেন আরও ৪০ জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টায় এই হালনাগাদ তথ্য জানিয়েছে।
বর্তমানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলার ৫৭টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন ও ৯টি পৌরসভা বন্যাকবলিত হয়েছে। বিপদগ্রস্ত মানুষদের আশ্রয়ের জন্য ১১১টি কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৪ হাজার ৭৯ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে রাঙামাটিতে ৩ জন, বান্দরবানে ৬ জন, কক্সবাজারে ৩২ জন (স্থানীয় ১৯ ও রোহিঙ্গা ১৩), চট্টগ্রামে ১৫ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কক্সবাজারে ২৫ জন (স্থানীয় ২০ ও রোহিঙ্গা ৫), চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সর্বশেষ হিসেবে সাত বন্যাকবলিত জেলার জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৬৪ জেলার সাধারণ ত্রাণ কার্যক্রমের জন্য ৪ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

