যুক্তরাষ্ট্রে যাওয়া রোবোসাব দলকে বই উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৮ জুলাই ২০২৬ ৮:০১ এএম
যুক্তরাষ্ট্রে যাওয়া রোবোসাব দলকে বই উপহার দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘রোবোসাব-২০২৬’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প তাদের সামনে উপস্থাপন করা হলে তিনি তার বিস্তারিত জানান এবং তাদের উৎসাহ প্রদান করেন। এর আগে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার নিজ লেখা ‘সবার আগে বাংলাদেশ’ বইটি শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই হবে ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। তিনি এ ধরণের সৃজনশীল উদ্যোগের প্রসারে সরকারের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কাজে আরও মনোযোগী হওয়ার এবং নিষ্ঠা ও অধ্যবসায়ের সাথে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই শিক্ষার্থীদের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও সমুন্নত করবে।

আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার জন্য শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...