বিশ্বকাপের মাঝেই মেসির ৩৯তম জন্মদিন, কেক নিয়ে চমক সতীর্থদের
চলমান বিশ্বকাপের মধ্যেই ৩৯ বছরে পা রাখলেন আর্জেন্টিইান তারকা লিওনেল মেসি। এই বিশেষ দিনটি উদযাপন করতে তাকে চমকে দেন তারই দলের সতীর্থরা। টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা মিলে কেক কেটে মেসির জন্মদিন পালন করেছেন।
মেসি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে ‘৩৯’ সংখ্যা লেখা কেকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই আয়োজনে তার সঙ্গে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ, জিওভানি লো সেলসো এবং দলের একজন সাপোর্ট স্টাফ। সবার মুখে হাসি দেখে বোঝা যায়, আর্জেন্টিইা শিবির একটি সুখী পরিবারের মতোই কাটাচ্ছে।
এদিকে, টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে আর্জেন্টিইা। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে তারা। মেসি এই ম্যাচগুলোতে দলের পাঁচটি গোলের সবকটিই করেছেন। এর ফলে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়াল ১৮টি, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
সাধারণত জুন-জুলাই মাসে বিশ্বকাপ হওয়ায় মেসির জন্মদিনটি টুর্নামেন্টের সময়কালেই পড়ে। ২০২২ সালের শীতকালীন আসর ছাড়া বাকি সব বিশ্বকাপেই তিনি দলের সাথে থেকেই দিনটি পালন করেছেন। এর আগে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পান এই কিংবদন্তি, এবং এখন পর্যন্ত দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা জয়সহ তার সংগ্রহে মোট চারটি আন্তর্জাতিক শিরোপা রয়েছে।

