জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু ২৩ নভেম্বর

প্রাইম বার্তা অনলাইন
১২ অক্টোবর ২০২৬ ৪:৫৬ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু ২৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৩ নভেম্বর। দীর্ঘ এই পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৭ জানুয়ারি। নির্ধারিত প্রতিটি দিনে দুপুর ১টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচি বদলানোর ক্ষমতা নিজের হাতে সংরক্ষণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া পরীক্ষা-সংক্রান্ত কোনো ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করা হয়েছে।

পরীক্ষার্থী ও কলেজগুলোর জন্য বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষরা ems.nu.ac.bd ওয়েবসাইট থেকে নিজ নিজ কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে পরীক্ষার অন্তত ৩ দিন আগে তা বিতরণ শেষ করবেন। প্রবেশপত্র দেওয়ার আগে রেজিস্ট্রেশন বিবরণীর সঙ্গে মিলিয়ে শিক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ ও বিষয় কোড যাচাই করে অধ্যক্ষের স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক; ভুল তথ্যের দায় সংশ্লিষ্ট অধ্যক্ষকেই নিতে হবে। কেন্দ্র ফি সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, মোট ৪৫০ টাকার মধ্যে ৩০০ টাকা পরীক্ষা শুরুর ৩ দিন আগে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে, অবশিষ্ট ১৫০ টাকা দিয়ে কলেজের পরীক্ষা-সংক্রান্ত ব্যয় মেটাতে হবে।

পরীক্ষার হলে হাজিরার সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় পরে জানানো হবে, যা পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে খোঁজ নেওয়ার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া সব তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নপত্রের ট্যাংক ট্রেজারি থেকে বের করা যাবে না। জরুরি তথ্য জানতে পরীক্ষা চলাকালে দিনে অন্তত তিনবার সকাল, দুপুর ও রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...