বহিঃনোঙরে চুরির অভিযোগে ভুল তথ্য, বাস্তব ঘটনা জানাল কোস্ট গার্ড

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুলাই ২০২৬ ৮:২২ পিএম
বহিঃনোঙরে চুরির অভিযোগে ভুল তথ্য, বাস্তব ঘটনা জানাল কোস্ট গার্ড

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে জাহাজে ডাকাতি ও চুরির ঘটনা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত সংবাদে তথ্যের বিভ্রান্তি রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আলোচিত তিনটি জাহাজের মধ্যে দুটিতে কোনো মালামাল খোয়া যায়নি এবং চুরির প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। গত শনিবার (২৫ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুই জাহাজে সফলভাবে চুরির চেষ্টা প্রতিহত করার পর জাহাজ কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) এবং লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছেন। অন্যদিকে, তৃতীয় জাহাজটির ঘটনায় চুরির সময় কোস্ট গার্ডকে সতর্ক করা হয়নি। প্রায় সাত ঘণ্টা ১৫ মিনিট পর শিপিং এজেন্ট বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে বোর্ডিং টিম পাঠানো হয় এবং উদ্ধার অভিযান শুরু হয়, যা এখনো চলমান রয়েছে।

কোস্ট গার্ড আরও জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিধি অনুযায়ী বহিঃনোঙরে থাকা জাহাজে নিবন্ধিত ওয়াচম্যান থাকা বাধ্যতামূলক হলেও ওই জাহাজে তা ছিল না, যা নিরাপত্তার একটি বড় ঘাটতি। এছাড়া মাদক, অস্ত্র ও চোরাচালান নিয়ন্ত্রণে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বাহিনীটি, যার ফলে এলাকায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...