হজ ২০২৭: আগামী ২৭ জুলাই থেকে শুরু নিবন্ধন, ফি ৩.৫ লাখ
আগামী ২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য আগামী ২৭ জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই নিবন্ধন করা যাবে। তবে এবারও নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত কারণ দেখিয়ে ১৫ বছরের কম বয়সীদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। প্রাথমিক নিবন্ধনের জন্য সরকারি খরচ বাবদ ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে।
আগ্রহী হজযাত্রীদের নির্ধারিত সময়সীমার মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাক-নিবন্ধনকারীরা ইচ্ছে করলে ঘোষিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে একই সঙ্গে চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন। তবে প্রাথমিক পর্যায়ে পুরো টাকা না দিলে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় হজযাত্রীকে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে। এছাড়া ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদোত্তীর্ণ হওয়া বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।
সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১ এবং সাশ্রয়ী হজ প্যাকেজ-২ নামে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি মাধ্যমে আবেদনের জন্য সোনালী ব্যাংকের যেকোনো শাখায় তিন লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। অন্যদিকে, বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধন করলে একই পরিমাণ অর্থ সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে। এছাড়া ই-হজ সিস্টেমে ব্যবহারকারী হিসেবে তৈরি করে বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, মডেল মসজিদ এবং হজ অফিস থেকেও এই নিবন্ধন সম্পন্ন করা যাবে।

