শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি ও শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থলে পৌঁছান।
সেখানে কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নিয়ে কিছু সময় অবস্থান করেন তিনি। পরে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন। কবর জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ আরও অনেক সিনিয়র নেতা।
বিএনপি জানিয়েছে, কবর জিয়ারত শেষে তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) যাবেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে নিজ বাসা থেকে রওনা দেন তিনি।
গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এরপর এভার কেয়ার হাসপাতালে যান চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে।
বিএনপি আরও জানায়, ইসির কার্যক্রম শেষে তারেক রহমান ধানমন্ডির শ্বশুরবাড়িতে যাবেন। সেখান থেকে পুনরায় মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

