বিজ্ঞাপন

মাঠে কয়েক হাজার পুলিশ, কেন্দ্রীয় তদারকিতে ডিএমপি সদরদপ্তর

প্রাইম বার্তা ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫ ১০:৩৮ এএম
মাঠে কয়েক হাজার পুলিশ, কেন্দ্রীয় তদারকিতে ডিএমপি সদরদপ্তর

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে তার বাসভবন পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদরদপ্তর থেকে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা তদারকি করা হবে। মাঠ পর্যায়ে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য। বিএনপি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) ও পুলিশ সমন্বিতভাবে তার নিরাপত্তা নিশ্চিত করবে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, তার বাসা, অফিস এলাকা ও চলাচলের পথ ঘিরে সুপরিকল্পিত ও কঠোর নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ সড়ক ও এলাকাগুলোতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েনেরও ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলী জানান, তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা সরাসরি ডিএমপি সদরদপ্তর থেকে পরিচালিত হবে এবং কোনো নির্দিষ্ট বিভাগকে এককভাবে দায়িত্ব দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা দায়িত্ব ভাগ করে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালিত হবে।

দেশে ফেরার পরিকল্পনা প্রথমে ডিসেম্বরের প্রথম সপ্তাহে থাকলেও নিরাপত্তাজনিত প্রস্তুতি মাঠপর্যায়ে পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। বর্তমানে তারেক রহমান গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে। এই বাসাটি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র পাশেই অবস্থিত। বাসা প্রস্তুত না হলে তিনি মায়ের ভাড়া বাসা ‘ফিরোজা’তেই অবস্থান করবেন। দেশে ফেরার পর তিনি গুলশানের ৮৬ নম্বর রোডে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন।

ডিএমপির গুলশান বিভাগ জানিয়েছে, খালেদা জিয়া ও তারেক রহমানের বাসা এবং কার্যালয় একই নিরাপত্তা পরিকল্পনার আওতায় রাখা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। এরই মধ্যে তিনি ট্রাভেল পাস পেয়েছেন এবং বিমানের টিকিটও কাটা হয়েছে।

তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং নেতাকর্মীদের সক্রিয়ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ জানিয়েছেন, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা বিমানবন্দর এলাকায় শুধু বৈধ টিকিটধারী যাত্রীদের প্রবেশের অনুমতি থাকবে। এই সময় প্লেনের যাত্রী ছাড়া সব ধরনের ভিজিটর ও সহযাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...