৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
১৩ অক্টোবর ২০২৬ ২:৩৭ পিএম
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে সারা দেশের প্রায় ৫০ হাজার গ্রাম পুলিশকে নিয়ে মহাসমাবেশ করছে সরকার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সমাবেশের প্রস্তুতি বিষয়ক বৈঠকের শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার ভাষ্যমতে, ৭ নভেম্বর সকাল সাড়ে ১১টায় রাজধানীর সাবেক বাণিজ্যমেলার মাঠে এই আয়োজন হবে। বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আর সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

প্রতিমন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদের তৃণমূলে কর্মরত গ্রাম পুলিশদের নিয়ে বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম সরকারি উদ্যোগে মহাসমাবেশ। এতদিন নিজেদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আয়োজিত সমাবেশে দাবি তুলে ধরলেও এবার প্রধানমন্ত্রী চেয়েছেন তাদের সরাসরি কথা শুনতে। মানুষের খোঁজখবর রাখা, পুলিশ ও ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করা—এসব দায়িত্ব পালনকারীদের দাবি শুনে সরকারের সামর্থ্য অনুযায়ী বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

দেশে এ মুহূর্তে প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশ কর্মরত রয়েছেন বলে জানিয়ে মীর শাহে আলম বলেন, তাদের আইনগত ক্ষমতা, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে। স্থানীয় সরকারের উপপরিচালকদের (ডিডিএলজি) আগামী সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে প্রস্তাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাবগুলো মন্ত্রণালয়ে আলোচনার পর প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ আকারে উপস্থাপন করা হবে এবং যেসব বিষয় অনুমোদন পাবে, তা সমাবেশে ঘোষণা দেওয়া হবে। সমাবেশে গ্রাম পুলিশরা নতুন কোনো দাবি তুলে ধরলে সেগুলোও বিবেচনায় নেওয়া হবে। আয়োজনের সামগ্রিক দায়িত্বে থাকবে স্থানীয় সরকার বিভাগ, আর ভেন্যুর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ডিএমপির ট্রাফিক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সহযোগিতা করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...