বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ: ৪১টি প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকা সহায়তা

প্রাইম বার্তা অনলাইন
১১ অক্টোবর ২০২৬ ১:১৭ এএম
বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ: ৪১টি প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকা সহায়তা

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বিদ্যুৎ খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের অধীনে বর্তমানে ৪১টি চলমান উন্নয়ন প্রকল্প রয়েছে, যেগুলোর জন্য প্রকল্প সহায়তা (বৈদেশিক উৎস) হিসেবে বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার ৬৫৩ কোটি টাকা।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর চেয়ারে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, প্রকল্পগুলোর সরকারি অর্থায়ন (জিওবি) বরাদ্দ ৪ হাজার ৭১ কোটি ৩৯ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে ৩ হাজার ৩৮১ কোটি ৮০ লাখ টাকা।

বৈঠকে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার হিসাবও দেওয়া হয়। তাতে বলা হয়, গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ১২ হাজার ২২ মেগাওয়াট, তবে প্রকৃত উৎপাদন ৪ থেকে ৫ হাজার মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ। কয়লাভিত্তিক কেন্দ্রের সক্ষমতা ৬ হাজার ৯২৭ মেগাওয়াট, প্রকৃত উৎপাদন ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট। আর তরল জ্বালানিভিত্তিক কেন্দ্রগুলোর সক্ষমতা ৬ হাজার ৪০৯ মেগাওয়াট, যেখানে প্রকৃত উৎপাদন আড়াই থেকে ৩ হাজার মেগাওয়াট।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়। ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ছাদে সৌর ব্যবস্থা স্থাপনকারী গ্রাহকরা ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত জাতীয় গ্রিডে দেওয়া উদ্বৃত্ত বিদ্যুতের প্রতি ইউনিটে ১০ দশমিক ৫০ টাকা পাবেন। কমিটি রুফটপ সোলার প্যানেল থেকে প্রকৃতপক্ষে কতটুকু বিদ্যুৎ গ্রিডে যুক্ত হচ্ছে তার হিসাব আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে। এছাড়া কমিটির কিছু লিখিত প্রশ্ন উত্তরসহ পরবর্তী বৈঠকে আনার নির্দেশ দেওয়া হয়।

এসব বিষয় ছাড়াও মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম ও বাজেট বরাদ্দ নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয় বৈঠকে। এতে অংশ নেন কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস এম জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান ও মো. আবুল হাসনাত। এছাড়া বৈঠকে মন্ত্রণালয়ের সচিব, অধীনস্থ দপ্তরের প্রধান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...