ঢাকায় ২৪ ঘণ্টার টানা অভিযানে গ্রেফতার ৫২৮, দায়ের ৫৩ মামলা
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চালানো নিয়মিত অভিযানে ৫২৮ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
বিভাগভিত্তিক হিসাবে মিরপুর বিভাগের হাতে সর্বোচ্চ ১০২ জন গ্রেফতার হয়েছে। এর পরেই রয়েছে ওয়ারী বিভাগের ৭৫, তেজগাঁও বিভাগের ৭৩, লালবাগ বিভাগের ৬৭, উত্তরা বিভাগের ৬৩, মতিঝিল বিভাগের ৫৩, গুলশান বিভাগের ৫২ এবং রমনা বিভাগের ৩৩ জন। এছাড়া গোয়েন্দা বিভাগ ৯ জন ও সিটিটিসি ১ জনকে আটক করে।
অভিযানে উদ্ধার করা হয়েছে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন, ২টি চাকু, ১টি বাস, ৯টি মোবাইল ফোন, ২৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প ও ৩৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প। এর পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা এবং ভেজাল ওষুধ ও প্রসাধনী। ভেজাল তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে সিরাপ ৬২৭টি, ক্যাপসুল ৬০০০টি, ফেসওয়াস ৩০টি, শ্যাম্পু ৩১০টি, সাদা পাউডার ৫ কেজি, হাইজিন ওয়াসের খালি মোড়ক ও বোতল ১৫০টি, লেভেলবিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার যন্ত্রাংশ ৬টি ও লেভেল লাগানোর ২টি সাচ।
উপ-পুলিশ কমিশনার জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য ও নানা আলামত উদ্ধার করে সংশ্লিষ্টদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

