বঙ্গভবনে রাষ্ট্রপতির আহ্বান: মাদকবিরোধী আন্দোলনে এগিয়ে আসুন তরুণরা
মাদকের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৭ অক্টোবর) বঙ্গভবনে ঠাকুরগাঁও-ভিত্তিক তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের সংগঠন ‘আহ্বান’-এর ৩৮ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংগঠনের আহ্বায়ক লুকমান শারীফ ও সদস্য সচিব ডা. তাহমিদ আহমেদ।
যুব সমাজকে মাদকের কবল থেকে উদ্ধারের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এ ভয়াবহ অভিশাপ থেকে তরুণদের রক্ষা করা না গেলে জাতির আকাঙ্ক্ষিত এগিয়ে যাওয়া আটকে পড়বে। মাদকের কারণে নষ্ট হচ্ছে অসংখ্য তরুণের সম্ভাবনাময় ভবিষ্যৎ, প্রভাব পড়ছে পরিবার ও সমাজেও। এজন্য সর্বস্তরের মানুষের সম্পৃক্ততায় কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, কোনো অঞ্চলকে সমৃদ্ধ করতে হলে সেখানের মানুষকে জাগরণ করতে হবে এবং শিক্ষা, সংস্কৃতি, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।
‘আহ্বান’-এর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি উল্লেখ করেন ঠাকুরগাঁও স্কুলভিত্তিক সায়েন্স ফেস্ট, প্রতিবন্ধীদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ ও জেন-জি কার্নিভালের মতো কার্যক্রম প্রশংসনীয়। তিনি তরুণ ও পেশাজীবীদের জেলার অর্থনীতি ও কৃষির উন্নয়ন, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ, অসচ্ছল মেধাবীদের সহায়তা, সামাজিক সমস্যা নিরসন এবং সরকারি সেবা সহজতর করার কাজে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন। গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।
সাক্ষাৎকালে ‘আহ্বান’-এর সদস্যরা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও জনকল্যাণে রাষ্ট্রপতির ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান এবং একটি আলোকিত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা চেয়ে তারা রাষ্ট্রপতির কাছ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস লাভ করেন। এ সময় রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

