চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা করছে সরকার: প্রতিমন্ত্রী
দেশের চলচ্চিত্র শিল্পকে সুস্থ ভিত্তির ওপর দাঁড় করাতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি — এই তিন ধাপে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। একাত্ম উন্নয়ন প্রক্রিয়ার নেতৃত্বে থাকবেন এ শিল্পের সঙ্গে যুক্ত অভিজ্ঞ ও প্রতিভাবান ব্যক্তিরা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলচ্চিত্র শিল্পের উন্নয়নে করণীয়, বাস্তবায়ন কৌশল ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিয়ে একটি পূর্ণাঙ্গ সমন্বিত পরিকল্পনা প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, সরকার শুধু এফডিসির সংস্কারেই সীমাবদ্ধ থাকছে না, বরং পুরো চলচ্চিত্র শিল্পের সামগ্রিক অগ্রগতিকে প্রাধান্য দিয়ে কাজ করছে। অতীতে দেশের চলচ্চিত্রে যেসব প্রতিভাবান পরিচালক, প্রযোজক, অভিনেতা ও অভিনেত্রী অসামান্য সৃষ্টিকর্ম রেখে গেছেন, সেই ঐতিহ্যের সঙ্গে সংযোগ রেখেই সিনেমার মান ও শিল্পের সক্ষমতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এফডিসিকেও আরও কার্যকর করা হবে বলে তিনি উল্লেখ করেন।
চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিল্পের উন্নয়নের নেতৃত্ব দেবেন এ খাতের সংশ্লিষ্ট অভিজ্ঞ ও গুণী ব্যক্তিরাই, আর সরকার তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। তিনি জানান, চলচ্চিত্রের মানুষদের সঙ্গে সাক্ষাতের আগ্রহ থেকেই তিনি অনুষ্ঠানে এসেছেন। অতীতেও তিনি এফডিসিতে এসেছেন এবং ভবিষ্যতেও চলচ্চিত্র শিল্পের মানুষদের পাশে থেকে কাজ করবেন বলে আশ্বস্ত করেন তিনি।

