সবুজ-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আহ্বান তারেক রহমানের

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ১:৩০ এএম
সবুজ-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আহ্বান তারেক রহমানের

পরিবেশ সংরক্ষণ, দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকানোয় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছোট ছোট ভালো কাজের মধ্য দিয়ে দেশের ইতিবাচক রূপান্তর সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাজধানীর সানিডেইল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সংসদের কার্যক্রম সম্পর্কে প্রাতিষ্ঠানিক ধারণা লাভ এবং অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগের অংশ হিসেবে দিনটিতে সংসদে আসেন ইংরেজি মাধ্যমের এই স্কুলের শিক্ষার্থীরা। অধিবেশন চলাকালে আসরের নামাজের বিরতিতে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় পড়াশোনা ও স্বাস্থ্য বিষয়ে খোঁজখবরের পাশাপাশি পরিবেশ, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য এবং ডেঙ্গু মোকাবিলায় তরুণ প্রজন্মের করণীয় নিয়েও আলোচনা করেন তিনি।

সরকারের পরিবেশবান্ধব কর্মসূচি তুলে ধরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বলেন, দেশের পরিবেশকে সুন্দর ও সবুজ করে গড়তে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে তাদেরও সম্পৃক্ত হওয়া উচিত বলে মত দেন তিনি। বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি আত্মীয়স্বজনের বাড়ির আশপাশেও গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি। এছাড়া জন্মদিনসহ বিভিন্ন বিশেষ দিনে একে অন্যকে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি তৈরির আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিদেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ টেনে তিনি বলেন, বিদেশ ভ্রমণে গেলে সেখানকার পরিবেশের সৌন্দর্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সবাই প্রত্যক্ষ করেছে। নিজের দেশকেও সেভাবে রাখতে সম্মিলিত প্রয়াস প্রয়োজন। মানুষকে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান তিনি। বন্ধু বা স্বজনরা কেউ রাস্তায় আবর্জনা ফেললে বা পরিবেশ নোংরা করলে তাদের বারণ করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার এমন উদ্যোগের মাধ্যমে তাদের মধ্যে দায়বদ্ধতা ও দেশপ্রেমের বোধ বাড়বে বলে আশা করা যায়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...