পরিবেশ ও ডেঙ্গু মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০ এএম
পরিবেশ ও ডেঙ্গু মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী

দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধেও তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাজধানীর সানিডেইল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে প্রথমহাতে ধারণা নেওয়া এবং অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগের অংশ হিসেবে ওই দিন সংসদে আসেন রাজধানীর ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানিডেইল স্কুলের শিক্ষার্থীরা। অধিবেশন চলাকালে আসরের নামাজের বিরতিতে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় ছাত্রছাত্রীদের পড়াশোনা ও স্বাস্থ্যসহ নানা বিষয়ে খোঁজখবর নেন তিনি এবং পরিবেশ, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও ডেঙ্গু মোকাবিলায় তাদের করণীয় নিয়ে কথা বলেন।

সরকারের পরিবেশবান্ধব পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে তোমাদেরও অংশগ্রহণ করা উচিত। পরিবেশ ঠিক রাখতে তোমাদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি তোমাদের আত্মীয়-স্বজনদের বাসার আশপাশেও গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।’ জন্মদিন বা বিশেষ কোনো দিনে একে অন্যকে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তোলার পরামর্শও দেন তিনি।

বিদেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের মধ্যে যারা বিদেশে গেছ, তারা নিশ্চয়ই দেখেছ সেখানকার পরিবেশ কতটা পরিচ্ছন্ন। আমাদের দেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে।’ যত্রতত্র ময়লা ফেলা থেকে মানুষকে বিরত রাখতে শিক্ষার্থীদেরও সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বন্ধু বা স্বজনরা পরিবেশ নোংরা করতে চাইলে তাদের বারণ করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

ছোট ছোট ভালো কাজের মাধ্যমেই দেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব মনে করেন এই সরকারপ্রধান। তার বিশ্বাস, শিক্ষার্থীদের এই অংশগ্রহণই ভবিষ্যতে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার পথ সহজ করবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...