প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, কামরাঙ্গীরচরের বাসা থেকে উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫ পিএম
প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, কামরাঙ্গীরচরের বাসা থেকে উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী লাবনী আক্তারের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে থানাধীন বড়গ্রাম এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আইনি কার্যক্রম শেষ করে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইদ্রিস জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই ইদ্রিস জানান, লাবনীর স্বামী দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাসে আছেন। মৃত্যুর আগে তিনি স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছিলেন। পারিবারিক কোনো বিষয় নিয়ে স্বামীর ওপর অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে স্বজনদের অনুমান।

লাবনী আক্তার লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার বামনা গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। স্বামী বিদেশে থাকায় তিন বছরের ছেলেকে নিয়ে তিনি কামরাঙ্গীরচরের বড় গ্রামের একটি বাসায় বসবাস করতেন। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...