আইনের সীমাবদ্ধতায় ঘুরে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী: আইজিপি

প্রাইম বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৬ ৫:৫৭ পিএম
আইনের সীমাবদ্ধতায় ঘুরে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী: আইজিপি

পুলিশ বারবার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করলেও আইনের বিভিন্ন জটিলতার কারণে তাদের দীর্ঘ সময় আটকে রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মুক্তি পাওয়ার পর এই অপরাধীরা আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছেন বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, প্রত্যেক মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী অন্তত একাধিকবার আইনের মুখোমুখি হয়েছে। কিন্তু আইনের ফাঁকফোকর থাকায় দীর্ঘমেয়াদে তাদের আটকে রাখা যায়নি। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু পুলিশের ওপর নয়, সাধারণ মানুষের সম্পৃক্ততাও জরুরি বলে মনে করেন তিনি। দেশের মোট জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা অত্যন্ত কম উল্লেখ করে তিনি বলেন, প্রায় প্রতি এক হাজার মানুষের জন্য মাত্র একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তাই আইনশৃঙ্খলা রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

তরুণ প্রজন্মের ওপর মাদকের বিধ্বংসী প্রভাব তুলে ধরে আলী হোসেন ফকির বলেন, ইয়াবাসহ নানা ধরনের মাদক এনার্জি ট্যাবলেট বা আকর্ষণীয় নামে তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে। একজন সন্তান মাদকে জড়ালে ক্ষতি শুধু তার নিজেরই নয়, গোটা পরিবারকে তার মাশুল দিতে হয়। নিজের চাকরিজীবনের অভিজ্ঞতা থেকে তিনি এমন ঘটনারও উল্লেখ করেন, যেখানে মাদকের টাকা না পেয়ে এক সন্তান নিজের বাবাকে মারপিট করে আহত করেছে।

পুলিশিং প্রসঙ্গে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশকে জনবান্ধব ও জনগণমুখী হতে হবে। তাঁর ভাষায়, পিপল ওরিয়েন্টেড পুলিশিংয়ের জন্য জনগণের সহযোগিতা অপরিহার্য; এর অভাবে আইনশৃঙ্খলা রক্ষা কঠিন হয়ে পড়ে। পুলিশ যদি সঠিকভাবে কাজ করতে না পারে, তাহলে সমাজে কী ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা আমরা প্রত্যক্ষ করেছি বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...