একই কর্মস্থলে ৩ বছর পার হলেই বদলি, ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশ
একই কর্মস্থলে টানা তিন বছর বা তার চেয়ে বেশি সময় দায়িত্ব পালন করছেন এমন মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ধাপে ধাপে বদলির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে ১ সেপ্টেম্বর একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
পরিপত্রে জানানো হয়েছে, জনগণের জীবন, জীবিকা ও সম্পদের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ভূমিসেবায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের সুষ্ঠু পদায়ন-বিন্যাস বিশেষ গুরুত্ব বহন করে। এক জায়গায় বহুদিন থাকলে স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে, যা দায়িত্ব পালনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই নিয়মিত রোটেশনের মাধ্যমে এই ঝুঁকি হ্রাস করা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনা জরুরি বলেও উল্লেখ রয়েছে।
সরকারের বিদ্যমান নীতিমালার পরিপ্রেক্ষিতে একই কর্মস্থলে দীর্ঘ সময় কর্মরত থাকাকে নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর নাম, পদবি, বর্তমান কর্মস্থল, সেখানে যোগদানের তারিখ ও মোট কর্মকাল উল্লেখ করে হালনাগাদ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
তালিকা যাচাইয়ের পর যারা তিন বছর বা তার বেশি সময় একই কর্মস্থলে কর্মরত আছেন, তাদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে বলেও পরিপত্রে বলা হয়েছে। মন্ত্রণালয়ের আশা, এই উদ্যোগে ভূমিসেবায় ফিরবে স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধবতা।

