শ্রমিক অধিকার ও শিল্প শান্তিতে একজোট আইএলও ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ
শ্রমিকদের অধিকার রক্ষা এবং দেশের শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২ সেপ্টেম্বর) ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে এই বৈঠকের আয়োজন করা হয়। সভার মূল উদ্দেশ্য ছিল শ্রম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার পথ তৈরি করা।
বৈঠকে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নানা বিষয়ে অভিমত বিনিময় করেন। এসময় বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে একটি উপস্থাপনা পরিবেশন করা হয়। সেখানে শিল্পাঞ্চলে বাহিনীটির নিত্যদিনের কার্যক্রম, শ্রম-সংক্রান্ত বিভিন্ন প্রসঙ্গ, শ্রমিক ও কারখানার নিরাপত্তা, শ্রম-বিরোধ রোধ ও নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা এবং শিল্প এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।
আলোচনায় শ্রমিক কল্যাণ, সামাজিক সংলাপ, কর্মস্থলে ন্যায্য ও সুস্থ পরিবেশ এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে আইএলওর লক্ষ্যের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্ব ও কার্যক্রমের সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া শ্রম-সংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও কথা হয়। সামনে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও সমন্বয় আরও সুসংহত করতে দুই পক্ষই একমত হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হারুন-উর-রশিদ হাযারী, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) মো. রেজাউল হক এবং অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম।
দুই পক্ষই আশা প্রকাশ করেছে, শ্রম অধিকার, শিল্প শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দেশের শিল্পখাতে আরও কার্যকর ও ইতিবাচক ফল আসবে।

