চাচাকে পঙ্গু করার এক বছরে প্রবাসী ভাতিজা হত্যা, জামিনে এসে হুমকি

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ৫:৫৬ পিএম
চাচাকে পঙ্গু করার এক বছরে প্রবাসী ভাতিজা হত্যা, জামিনে এসে হুমকি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমার বিরোধ ঘিরে প্রবাসী ইলিয়াস মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী লিপি বেগম। তার ভাষ্য, এর আগে একই বিরোধে নিহতের চাচা ইসহাক মোল্লার ডান পা কেটে স্থায়ীভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ আনা হয়।

সিরাজদিখান থানার কোলা ইউনিয়নের পূর্ব কোলাগ্রামের সিদ্দিক মোল্লা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে। লিপি বেগম জানান, সিদ্দিক মোল্লা জুলাই আন্দোলনের এক মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাগারে যান, পরে জামিনে মুক্তি পান। এরপর ২০২৫ সালের ৮ মার্চ জমি নিয়ে বাগবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র দিয়ে ইসহাক মোল্লাকে আক্রমণ করেন তারা। ওই হামলায় ইসহাকের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি আজীবনের জন্য পঙ্গু হয়ে পড়েন।

লিপি বেগমের অভিযোগ, ইসহাক মোল্লা মামলা করলেও এ পর্যন্ত আসামিদের কাউকে এক দিনের জন্যও গ্রেফতার করা হয়নি। পুলিশের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অভিযোগপত্র থেকে মূল আসামিদের নাম বাদ দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। পা কাটা ঘটনার প্রায় এক বছর পর গত ১৯ জুন একই বিরোধ থেকে প্রবাসী ইলিয়াস মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয় বলে দাবি করেছেন নিহতের পরিবার।

এই হত্যাকাণ্ডে গ্রেফতার চার আসামির একজন জামিনে বেরিয়ে আসার পর নিহতের পরিবারের ওপর চাপ সাধছেন বলেও অভিযোগ করেছেন লিপি বেগম। ওই আসামি মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হামলায় পঙ্গু হওয়া ইসহাক মোল্লাও উপস্থিত ছিলেন। আসামিদের গ্রেফতার ও যথাযথ বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...