গুমের বিচারে স্বাধীন তদন্ত ও রাষ্ট্রের জবাবদিহি চায় এইচআরএসএস
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে, গুমের অভিযোগের স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনা জরুরি। সংগঠনটির পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট বাহিনীকে দিয়ে নয়, বরং একটি স্বাধীন সংস্থার মাধ্যমে তদন্ত পরিচালনা করতে হবে। একইসঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর সুরক্ষা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি জোরালো দাবি জানানো হয়।
এইচআরএসএস আয়োজিত সভায় ‘জোরপূর্বক গুমের বিচার, ভুক্তভোগী ও তাদের পরিবারের সুরক্ষা, ক্ষতিপূরণ, নিরাপত্তা বাহিনীর জবাবদিহি এবং আইনি সংস্কার’ প্রধান আলোচ্য বিষয় ছিল। সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম। এতে অংশ নেন ব্লাস্টের ব্যারিস্টার সারা হোসেন, মানবাধিকারকর্মী শহিদুল আলম, সাবেক তদন্ত কমিশন সদস্য মো. নূর খান লিটন, গুমের শিকার ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান), ড. নাবিলা ইদ্রিস, ব্যারিস্টার শায়খ মাহদী এবং জাতিসংঘের সাবরিনা আহমেদসহ আরও অনেকে।
আলোচকরা মতে প্রকাশ করেন, গুমের মতো গুরুতর অপরাধের তদন্ত অবশ্যই স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তাদের দ্বারা তদন্ত পরিচালনা স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে, যা বিচার বিভাগীয় তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠায়। তাই এ ধরনের ঘটনায় ডিউটি রোস্টার, সিসিটিভি ফুটেজ ও কল লিস্টের মতো প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করে স্বাধীন কমিশনের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি করেন তারা।

