ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, সেতু মেরামতে নাকাল হাজার যাত্রী
রোদের তীব্র তাপদাহ আর গাড়ির দীর্ঘ সারির মধ্যে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। গত শুক্রবার দুপুর থেকে সৃষ্ট এই যানজট শনিবারও পুরোপুরি স্বাভাবিক হয়নি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর সেতুতে জরুরি সংস্কার কাজ চলার কারণে কুমিল্লার চান্দিনা থেকে আষাঢ়িয়ার চর পর্যন্ত প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকামুখী লেনে যানবাহনের অস্বাভাবিক জট লেগে আছে।
জানা গেছে, সেতুর ঢাকামুখী লেনে বড় গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার সকাল থেকেই এক লেন বন্ধ করে সংস্কার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এক লেনে সীমিত যানবাহন চলাচলের কারণে তীব্র চাপ বাড়ে এবং এর প্রভাব দাউদকান্দি, গৌরীপুর, মেঘনা টোলপ্লাজা ও চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্বাভাবিক সময়ে এক-দেড় ঘণ্টার পথ পারি দিতে যাত্রীদের লেগেছে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে বা বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছেন।
ভোগান্তির মাত্রা সম্পর্কে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় আটকে পড়া যাত্রী খন্দকার আরিফ হোসেন জানান, সকালে কুমিল্লা থেকে রওয়ানা হয়ে চান্দিনা থেকে দাউদকান্দির মাত্র ২০ কিলোমিটার পথ আসতে তার চার ঘণ্টা লেগেছে। প্রচণ্ড গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। একইভাবে ঢাকামুখী যাত্রী মোহাম্মদ হোসাইন জানান, গাড়ির চাকা একটু একটু করে ঘুরলেও বেশিরভাগ সময় তা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। দীর্ঘক্ষণ গাড়ির ভেতরে থাকার কারণে মহিলারা ওয়াশরুমের সুবিধা পাচ্ছেন না, যা তাদের চরম বিড়ম্বনার মধ্যে ফেলেছে।

