আশুগঞ্জ সেতুর সংস্কারে সড়কে ৫০ কিমি যানজট, চরম দুর্ভোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে সৃষ্ট যানজটের রেশ শনিবারও কাটেনি। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ার চর পর্যন্ত প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। প্রচণ্ড গরম ও গন্তব্যে পৌঁছানোর অনিশ্চয়তায় হাজার হাজার যাত্রী পথে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ভয়াবহ যানজটের মূল কারণ হলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাড়িয়ার চর সেতুর জরুরি সংস্কারকাজ। সেতুর ঢাকামুখী লেনে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার সকাল থেকে একটি লেন বন্ধ করে মেরামত শুরু করে সড়ক ও জনপথ বিভাগ (সড়ক বিভাগ)। এক লেনে সীমিত পরিসরে গাড়ি চলাচলের কারণে তীব্র চাপ সৃষ্টি হয় এবং এর প্রভাব দ্রুত পেছনের দিকে ছড়িয়ে পড়ে। ফলে দাউদকান্দি, গৌরীপুর, মেঘনা টোলপ্লাজা ও ইলিয়টগঞ্জ এলাকায়ও তীব্র যানজট দেখা দেয়।
স্বাভাবিক সময়ে যেই পথ পাড়ি দিতে এক-দেড় ঘণ্টা লাগে, সেখানে এখন ৮ থেকে ১০ ঘণ্টা বা তারও বেশি সময় ব্যয় হচ্ছে। কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়া খন্দকার আরিফ হোসেন জানান, চান্দিনা থেকে দাউদকান্দির ২০ কিলোমিটার পথ অতিক্রম করতে তার চার ঘণ্টা লেগেছে। পরিবার নিয়ে আটকে পড়া মোহাম্মদ হোসাইন জানান, প্রচণ্ড গরমে গাড়ির ভেতর বসে থাকা দুর্বিসহ হয়ে উঠেছে। নারী ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছে এবং স্যানিটারি সুবিধার অভাবে তাদের ভোগান্তি আরও বেড়েছে।

