নেপালে ভয়াবহ বন্যায় ১৬২ জনের মৃত্যু, স্পিকারের গভীর শোক

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ৩:২৭ পিএম
নেপালে ভয়াবহ বন্যায় ১৬২ জনের মৃত্যু, স্পিকারের গভীর শোক

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রতিবেশী এই দেশটির তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগের কথা জানতে পেরে তিনি মর্মাহত হন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক ও সমবেদনা জানানো হয়।

নেপালি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, দেশটিতে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন। আশঙ্কাজনক হলো, নিখোঁজদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক, যাদের অধিকাংশই ভারতীয় বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে নেপাল পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ভাটির দিকে চিতওয়ান জেলায় ৬৪ জন এবং নওয়ালপরাসি ইস্ট এলাকায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাণহানির এই ঘটনায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং নিহতদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন। একইসাথে তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, এই এলাকায় টানা বৃষ্টিপাত ও ভূমিক্ষয়ের ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া অফিস।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...