চট্টগ্রামে সাকিব হত্যা: মূল আসামিসহ ৮ জন র‍্যাবের হাতে গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
২৩ আগস্ট ২০২৬ ৭:১৯ পিএম
চট্টগ্রামে সাকিব হত্যা: মূল আসামিসহ ৮ জন র‍্যাবের হাতে গ্রেফতার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে প্রকাশ্য রাস্তায় ছুরিকাঘাতে যুবক মোহাম্মদ সাকিবকে (২২) হত্যার ঘটনায় জড়িত এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল ও একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইমন (২২), মো. রায়হান (২৫), মো. শাহেদ সালমান (২২), মোহাম্মদ হোসেন (২২), হাসান মোহাম্মদ রবিউল (২১), মো. সাকিব হোসেন (১৮), মো. আছমান (২৩) ও মো. ফয়সাল (২৩)। র‍্যাব সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে আদনান নামে এক ব্যক্তির মোবাইল ফোন জোর করে নেয়ার প্রতিবাদ করায় সাকিবের সঙ্গে মূল আসামি ইমন ও রায়হানের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত ২০ আগস্ট সন্ধ্যায় সাকিব ও তার প্রতিবেশী অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে মোহরা কামাল বাজার এলাকায় তাদের গতিরোধ করে সাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

নিহত মোহাম্মদ সাকিব চান্দগাঁওয়ের বিসিক শিল্প এলাকায় একটি ময়দা কারখানায় চাকরি করতেন। তিনি ওই এলাকার চররাঙ্গামাটিয়ার নজুম উদ্দিনের ছেলে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...