বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০ পরিবার পেল ঘর নির্মাণের সামগ্রী ও গৃহস্থালি সামগ্রী
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত এলাকার মানুষের পুনর্বাসনে এগিয়ে এসেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। শুক্রবার (২১ আগস্ট) উপজেলার জলদি পৌরসভার আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ৪০টি গৃহহারা পরিবারের হাতে ঘর নির্মাণের সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের চলমান একশ’ ঘর নির্মাণ প্রকল্পের দ্বিতীয় ধাপের আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মাওলানা হামেদ সওদাগর, দানবীর ফরিদ উদ্দিন রাজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তী, সমাজসেবক মুবিনুল হক এবং আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের অধ্যাপক ডা. ইকরামুল্লাহ খান।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য ঘর নির্মাণের টিন, খুঁটি, কাঠ ও মিস্ত্রির খরচ দেওয়া হয়েছে। এছাড়াও তাদের ব্যবহারের জন্য খাট, বালিশ, বেডশিট, মাদুর, মশারি, বালতি, মগ ও ডেকচিসহ সব ধরনের গৃহস্থালি সামগ্রী প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি জহিরুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান নাছির উদ্দিন জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘব ও তাদের পুনর্বাসনে সহায়তা করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শুধু ঘর নির্মাণ নয়, তাদের নতুন করে জীবন শুরু করার মতো মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

