জুলাই শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব
জুলাই গণঅভ্যুত্থানে আত্মাহুতি দেওয়া শহীদদের পরিবারের যত্ন এবং চোখ বা অঙ্গ হারানো আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করাই বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, এই মহান আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের জন্য একটি নৈতিক বাধ্যবাধকতা।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিজ, সজল, রাব্বি, মেরাজ, এলেম, তাইম, নাইমা, শিশু রিয়া গোপ ও আহাদসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবেগতাড়িত হয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে চোখের দৃষ্টি হারানো এক যুবককে তার মায়ের সাথে অনুষ্ঠানে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। তিনি সতর্ক করে বলেন, যদি এই মহান ত্যাগের স্বীকৃতি হিসেবে তারা সঠিক সম্মান না পান এবং চিকিৎসা বা সামান্য প্রয়োজনেও তাদের মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরতে হয়, তবে তা জাতির জন্য লজ্জাজনক হবে। তাই এই যোদ্ধাদের সম্মান ও অধিকার নিশ্চিত করা সরকারের প্রধান কর্তব্য।

