জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রেড ক্রিসেন্টের আলোচনা সভা
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার সকাল ১১টায় সংস্থাটির জাতীয় সদরদপ্তরের প্রশিক্ষণ কক্ষে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এই আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আব্দুস সালাম বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনা ও মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করেছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জিয়াউর রহমান এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, যার প্রতিফলন জুলাই গণঅভ্যুত্থানের চেতনায়ও দেখা যায়। এছাড়াও আর্তমানবতার সেবায় নিবেদিত রেড ক্রিসেন্টের ৭টি মূলনীতি ধারণ করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

