সবুজবাগে বিএনপি কর্মীকে হাত কেটে ও ছুরিকাঘাতে নৃশংস হত্যা
রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে স্থানীয় রাজারবাগ বাজার এলাকায় একদল দুর্বৃত্ত ওই যুবকের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে এবং বুকে ছুরি ঢুকিয়ে হত্যায় অংশ নেয়।
নিহত ব্যক্তির নাম মো. পলাশ (৩৪)। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন এবং সবুজবাগ ৫ নম্বর ইউনিট বিএনপির কর্মী বলে জানা গেছে। প্রতিবেশীদের বরাত দিয়ে জানা যায়, পূর্ব শত্রুতার কারণে স্থানীয় বখাটে রয়েল, সবুজ ও নাঈমের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল তাকে ঘিরে ধরে এই হামলা চালায়। হামলার পর তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

