হজ প্যাকেজ ঘোষণা আগামীকাল, কমছে বিমান ভাড়া

প্রাইম বার্তা অনলাইন
২০ জুলাই ২০২৬ ১০:২২ পিএম
হজ প্যাকেজ ঘোষণা আগামীকাল, কমছে বিমান ভাড়া

আগামী হজ মৌসুমের প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ প্যাকেজের বিস্তারিত জানাবেন। এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হবে এবং একই সঙ্গে বেসরকারি এজেন্সিগুলোর জন্য অনুসরণীয় প্যাকেজও ঘোষণা করবে সরকার।

হজযাত্রীদের জন্য সুখবর হলো এবার বিমান ভাড়া উল্লেখযোগ্য হারে কমছে। চলতি বছর ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকার স্থলে আগামী বছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ গতবারের তুলনায় ২৪ হাজার টাকা কমেছে। সরকারি ব্যবস্থাপনায় এবার আগের তিনটির পরিবর্তে দুটি প্যাকেজ থাকবে। চলতি বছর প্যাকেজ-১ এর খরচ ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ তে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ তে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। আগামী হজে সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ-১ থাকছে না।

বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ প্যাকেজে ব্যয় ছিল ৫ লাখ ৫০ হাজার এবং সাশ্রয়ী প্যাকেজে ৫ লাখ ১০ হাজার টাকা। তবে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সৌদি রিয়ালের বিপরীতে টাকার অবমূল্যায়ন, বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস, ২ শতাংশ ব্যাকআপ আবাসন ও সাশ্রয়ী ডি-ক্যাটাগরির সেবা বন্ধের কারণে সামগ্রিক খরচ বাড়তে পারে। ফলে বিমান ভাড়া কমলেও মোট ব্যয় কমানো সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...