হজ ব্যয় বাড়াতে চায় না সরকার: ১ শতাংশ কোটা বহালের আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
২০ জুলাই ২০২৬ ১০:১১ পিএম
হজ ব্যয় বাড়াতে চায় না সরকার: ১ শতাংশ কোটা বহালের আহ্বান

আগামী ২০২৭ সালের হজ প্যাকেজে ব্যয় বৃদ্ধি ঠেকাতে সংরক্ষিত বা ব্যাকআপ আবাসনের হার আগের ন্যায় ১ শতাংশ স্থির রাখার অনুরোধ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। গত সোমবার রাজধানীর গুলশানে অবস্থিত সৌদি দূতাবাসে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।

বৈঠকে জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজের জন্য ব্যাকআপ আবাসন ২ শতাংশ নির্ধারণ করতে চায়, যা কার্যকর হলে হজযাত্রীদের সামগ্রিক ব্যয় বেড়ে যাবে। ২০২৬ সালের ন্যায় ১ শতাংশ হার বহাল থাকলে খরচ সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে বলে মনে করেন ধর্ম প্রতিমন্ত্রী। এ ছাড়া মক্কা ও মদিনায় ক্যাটারিং সেবা ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফাতের সার্ভিস প্যাকেজ-৩ এর মূল্য নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।

সৌদি রাষ্ট্রদূত জানান, এ সংক্রান্ত বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো আধা-সরকারি পত্রটি তিনি রোববার হাতে পেয়েছেন এবং ইতিমধ্যে সুপারিশসহ সৌদি সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। তিনি চলতি বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে ধর্ম মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপের জন্য সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...