আগামী হজে অংশ নিতে ৩৫৭টি এজেন্সির অনুমতি, জানা গেল শর্তাবলী
আগামী ২০২৭ সালের পবিত্র হজ পালনে অংশগ্রহণের জন্য প্রথম পর্যায়ে ৩৫৭টি এজেন্সিকে অনুমতি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৯ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই শর্তসাপেক্ষে অনুমোদনের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে এই এজেন্সিগুলোকে আপাতত অন্তর্ভুক্ত করা হলেও চূড়ান্ত অনুমতির জন্য কিছু বিধি-নিষেধ মানতে হবে।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানা গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের নিবন্ধনের পূর্বে যোগ্য এজেন্সিগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে ‘অ্যালায়েন্স’ বা গ্রুপ গঠন করতে হবে। এর মাধ্যমে সৌদি সরকার নির্ধারিত ন্যূনতম হজযাত্রীর কোটা পূরণ করা সম্ভব হবে।
এজেন্সিগুলোকে অবশ্যই ই-হজ সিস্টেমে ঘোষিত প্যাকেজ অনুযায়ী হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই প্যাকেজই এজেন্সি এবং হজযাত্রীর মধ্যে চুক্তিপত্র হিসেবে গণ্য হবে, যাতে সৌদিতে সরবরাহ করা সেবা, হোটেলের অবস্থান ও দূরত্ব এবং ব্যয়ের বিস্তারিত উল্লেখ থাকতে হবে। প্রতিটি এজেন্সির জন্য ন্যূনতম ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করা বাধ্যতামূলক। কোনো কারণে কোটা পূরণ না হলে হজযাত্রীদের অন্য এজেন্সিতে স্থানান্তরের মাধ্যমে হজ পালনের ব্যবস্থা করতে হবে।

