৪১৬ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি: জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে জেরা দুদকের
প্রায় সাড়ে চারশ কোটি টাকার বিশাল ঋণ কেলেঙ্কারির ঘটনায় জনতা ব্যাংকের ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাদের জেরা করা হয়। ‘ইয়েলো অ্যাপারেলস লিমিটেড’ নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি দেখিয়ে এই বিপুল অঙ্কের ঋণ লোপাটের অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে গঠিত তদন্ত দল এই জিজ্ঞাসাবাদ পরিচালনা করেন। জেরার মুখোমুখি হওয়া ব্যাংক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মো. আবুল কালাম আজাদ, মো. আশরাফুল আলম, মোসাম্মৎ আছিয়া বেগম, মো. আব্দুল মতিন, মিজানুর রহমান, এস এম আব্দুল ওয়াহাব, মো. ফয়জুল আলম, মো. গোলাম মর্তুজা, মো. কামরুল আহসান এবং মো. আব্দুল্লাহ আল মামুন।
এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তার ভাই এস এফ রহমান এবং জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিবি এলসির মাধ্যমে ভুয়া আমদানি-রপ্তানি দেখিয়ে আনুমানিক ৪১৬ কোটি টাকা আত্মসাৎ করে তা মানি লন্ডারিং করা হয়েছে।

